সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে ৯ বছরের এক স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত মইনুল ইসলাম উপজেলার পাঠাবুকা গ্রামের আবদুল আলিমের ছেলে। সে পাঠাবুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। গত সোমবার সন্ধ্যায় উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পাঠাবুকা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মইনুল ইসলামের বড় ভাই দিলোওয়ার হোসেন জানান, সোমবার বিকেল সাড়ে ৫টায় পাঠাবুকা গ্রামের পশ্চিমের হাওরে গরুর জন্য ঘাস কাটতে গেলে হাওরের পাশে জীবনপুর গ্রামের আহাদনুরের জমি থাকায় সেই জমির ধানগাছ কেটে নেওয়ার অজুহাতে শিশু মইনুলের হাত থেকে কাঁচি কেড়ে নিয়ে তার হাতের কব্জিতে আঘাত করে রক্তাক্ত জখম করে। মইনুলকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য শিমুল আহমেদ জানান, সামান্য ঘাস কাটার বিষয় নিয়ে একটি শিশুর ওপর এমন নির্যাতন কোনোভাবে মেনে নেওয়া যায় না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুমন বর্মণ বলেন, শিশু মইনুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
