স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনে অনেকেই কল করে পাচ্ছেন না

আপডেট : ১১ মার্চ ২০২০, ০২:০৮ এএম

রাজধানীর উত্তরার বাসিন্দা তালহা যোবায়ের সজীবের স্ত্রী গত সোমবার বিকেল থেকে জ¦র ও সর্দিতে আক্রান্ত। পরিবারের সন্দেহ তিনি করোনাআক্রান্ত। তাই ওইদিন বিকেল থেকে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হটলাইনে কল দিয়ে করণীয় জানার চেষ্টা করেন। কিন্তু গতকাল মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত তিনি কোনোভাবেই স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। একপর্যায়ে তিনি এ প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করেন। প্রতিবেদক অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনার সঙ্গে যোগাযোগ করে সজীবের সঙ্গে অধিদপ্তরের সংযোগ ঘটান।

সজীব বলেন, ‘সোমবার সকাল থেকে অধিদপ্তরের সব নাম্বারে কল দিলেও কোনোভাবেই সংযোগ স্থাপন করতে পারছিলাম না। মাঝেমধ্যে রিং হলেও কেউ ফোন ধরেননি। এদিকে পরিবারে আতঙ্ক বিরাজ করছে। কী করব ভেবে পাচ্ছি না। অধিদপ্তরের উচিত হটলাইনের সংখ্যা ও সেখানকার জনবল আরও বাড়ানো।’

গাজীপুরের বাসিন্দা আতিক জোহানেসের পাশের ফ্ল্যাটের একই পরিবারের তিনজনই গত সোমবার সকালে জ¦রে আক্রান্ত হয়। ওই প্রতিবেশী ও আতিক বহুবার ফোন দিয়েও হটলাইনে যোগাযোগ করতে পারেননি। একপর্যায়ে তিনি দেশ রূপান্তরের অফিসে ফোন দিয়ে করণীয় জানতে চান। পরবর্তীকালে এ প্রতিবেদকের নির্দেশনা অনুযায়ী আতিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ও মুখপাত্র আয়েশা আক্তার বলেন, ‘হটলাইনটি খুলেছে আইইডিসিআর। সেখানে প্রতি মুহূর্তে কল আসছে। তাই হয়তো সংযোগ পেতে সমস্যা হচ্ছে। এ বিষয়টি মাথায় রেখেই হটলাইনের সংখ্যা বাড়ানো হয়েছে।’

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, করোনাভাইরাসের তথ্য জানতে হটলাইনে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৭৮ কল এসেছে। আর এর মধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে ১২৭ জনের। বাংলালিংক গ্রাহকদের হটলাইনে কল দিতে কোনো টাকা লাগবে না।

স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনগুলো হলো ১৬২৬৩, ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত