পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত (ভিডিও)

আপডেট : ১১ মার্চ ২০২০, ০১:২৩ পিএম

পাকিস্তান বিমান বাহিনীর একটি অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। প্যারেড রিহার্সালের সময় এটি বিধ্বস্ত হয়।

বুধবার ইসলামাবাদের শাকারপারিয়ান এলাকায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করেছেন বিমানবাহিনীর মুখপাত্র।

আগামী ২৩ মার্চের রিপাবলিক ডে’র প্যারেডের জন্য রিহার্সালের সময় এ দুর্ঘটনা ঘটে।

বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে সদরদপ্তরের নির্দেশক্রমে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অবশ্য এই বিবৃতিতে বিধ্বস্ত বিমানের পাইলটদের অবস্থা সম্পর্কে কিছু উল্লেখ নেই বলে জানিয়েছে ডন।

অবশ্য ফোনে রয়টার্সকে বিমান বাহিনীর মুখপাত্র বলেছেন, ‘আমরা হতাহতের বিষয়টি খতিয়ে দেখছি।’

এর আগে গত ১২ ফেব্রুয়ারি খাইবার পাখতুনখাওয়ার মারদান জেলায় নিয়মিত ট্রেনিং মিশনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।

এ নিয়ে রুটিন মিশন চলাকালে গত দুই মাসেরও কম সময়ের মধ্যে পাকিস্তান বিমান বাহিনীর তিনটি বিমান বিধ্বস্ত হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত