মেয়েকে উত্ত্যক্ত করায় ভাড়াটিয়া কিলার দিয়ে খুন

আপডেট : ১১ মার্চ ২০২০, ১১:৩৬ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ও এনায়েতপুর থানার খুকনি ইউনিয়নের রূপনাই গাছপাড়া গ্রামের তাঁত শ্রমিক ইয়াকুব আলী (২০) কে ভাড়াটিয়া কিলার দিয়ে হত্যা করা হয়েছে।

ইয়াকুব যে তাঁত ফ্যাক্টরির শ্রমিক ছিল ওই ফ্যাক্টরির মালিক খুশি আলম (৪০) ভাড়াটিয়া কিলার দিয়ে পূর্বপরিকল্পিত ভাবে তাকে হত্যা করিয়েছে।

গ্রেপ্তার হওয়া খুনিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এ চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এর ফলে এ হত্যা রহস্য উন্মোচিত হয়েছে।

এ হত্যার ঘটনায় পুলিশ মঙ্গলবার রাতে ৩ জনকে আটক করেছে। এরা হল- ভাড়াটিয়া কিলার রূপনাই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আবদুর রহমান (৫০), রূপনাই গাছপাড়া গ্রামের রইজ মোল্লার ছেলে আব্দুর রহিম (৪৮) ও খুকনি কান্দিপাড়া গ্রামের মধু প্রামাণিকের ছেলে তাঁত ফ্যাক্টরি মালিক খুশি আলম (৪০)।

মামলার তদন্ত কর্মকর্তা এনায়েতপুর থানার এসআই আল মামুন জানান, গত ৬ জানুয়ারি সোমবার রাতে ইয়াকুব আলীকে খুনিরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর খুকনি আটারদাগ টাকিমারা বিলের সরিষা খেতে নিয়ে তাকে শ্বাসরোধ করে ও ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে নির্মমভাবে হত্যার পর দুর্বৃত্তরা সেখানে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। পরদিন দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতর বাবা ইয়াসিন আলী অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এনায়েতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপর থেকে পুলিশ এ হত্যা রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করে।

তিনি জানান, অনেক চেষ্টার পর মঙ্গলবার সকালে এ হত্যার সঙ্গে জড়িত ভাড়াটিয়া কিলার রূপনাই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আবদুর রহমান(৫০) কে প্রথমে গ্রেপ্তার করা হয়। এ হত্যার পর থেকে সে দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে পলাতক ছিল। এদিন গ্রামে ফিরে এলে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এদিন রাতেই রূপনাই গাছপাড়া গ্রামের রইজ মোল্লার ছেলে আব্দুর রহিম (৪৮) ও খুকনি কান্দিপাড়া গ্রামের মধু প্রামাণিকের ছেলে তাঁত ফ্যাক্টরি মালিক খুশি আলম (৪০) কে আটক করা হয়।

আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহিম ও আব্দুর রহমান জানায়, তাঁত ফ্যাক্টরির মালিক খুশি আলমের মেয়েকে দীর্ঘদিন ধরে নানা ভাবে উত্ত্যক্ত করে আসছিল। তাকে এ বিষয়ে বারবার সাবধান করার পরও সে সংশোধন হচ্ছিল না। ফলে এ ক্ষোভ থেকে খুশি আলম তাদের অর্থের বিনিময়ে ভাড়া করে। তার নির্দেশেই পূর্বপরিকল্পিত ভাবে এ হত্যার ঘটনা ঘটানো হয়।

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামিরা এ হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এ তথ্য অনুযায়ী মেয়েকে উত্ত্যক্তের ঘটনায় ক্ষোভ থেকেই ভাড়াটিয়া খুনির মাধ্যমে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

তিনি জানান, বাকি যারা জড়িত রয়েছে তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে। আশা করি তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত