নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের দীঘলকুর্শা গ্রামে আগুনে পুড়ে হেনা আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় ও পরিবারের লোকজন জানান, হেনা মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় হেনা একা বাড়িতে রান্না করছিলেন। এ অবস্থায় হঠাৎ মৃগী রোগ দেখা দিলে তিনি চুলার আগুনের ওপর পড়ে যান। এতে তার শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়। পরে পরিবারের অন্যরা এবং আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে তাকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল বুধবার ভোররাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্য মনি আক্তার ও হাসনা আক্তার। কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে জেনেছি তিনি মৃগী রোগী ছিলেন।
