চুলে তিলের তেল

আপডেট : ১২ মার্চ ২০২০, ১২:৫০ এএম

চুলের যত্নে নানা ধরনের তেল ব্যবহৃত হয়ে আসছে। এসব তেলের মধ্যে তিলের তেল অন্যতম। তিল থেকে তৈরি এই তেল প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের গুরুত্বপূর্ণ উৎস। এতে রয়েছে ভিটামিন ই, বি কমপ্লেক্স, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, রিবোফ্লাবিন, থিয়ামিন, প্যান্টোথেনিক অ্যাসিড, নিয়াসিন, ফলিক অ্যাসিড, লোহা, সেলেনিয়াম, জিংক ও প্রোটিন যা চুলের গোড়ায় পুষ্টি জোগায় ও চুলকে ভঙ্গুরতা থেকে রক্ষা করে।  ফেমিনা অবলম্বনে লিখেছেন সানজিদা সামরিন

এখন নারীরা অনেক বেশি চুল পড়ার সমস্যায় ভুগছেন। সে ক্ষেত্রে চুলের গোড়ায় যদি তিলের তেল খুব ভালোভাবে ম্যাসাজ করা যায় তাহলে চুল পড়ার সমস্যা রোধ হওয়ার পাশাপাশি গাজাবে নতুন চুল।  রং করার ফলে চুলের যে ক্ষতি হয় তাও রোধ করতে পারে এই তিলের তেল।

চুল পাকা রোধে :  চুলের স্বাভাবিক রং ধরে রাখতে তিলের তেল উপকারী ভূমিকা রাখে। এই তেলের উপাদান ধূসর হয়ে আসা চুলের রংও গাঢ় করতে সহায়তা করে।

সংক্রমণ প্রতিরোধ করে : তিলের তেলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। ফাঙ্গাস ও ব্যাকটেরিয়াজনিত সমস্যা থাকলে চুলে রোজ তিলের তেল ম্যাসাজ করলে উপকার পাওয়া যায়।

চুলের আর্দ্রতা ধরে রাখে : শুষ্ক আবহাওয়া ও রৌদ্রতাপে চুল হারায় স্বাভাবিক জৌলুশ। আর্দ্রতা হারিয়ে চুল একেবারেই ফ্যাকাশে হয়ে যায়। এ সমস্যা এড়াতে চুলের গোড়া ও ডগায় তিলের তেল ব্যবহার করা যেতে পারে।

নানা ব্যবহার

নিয়মিত ম্যাসাজে :  চুল অনুযায়ী প্রয়োজনীয় পরিমাণে আমন্ড অয়েল নিয়ে তাতে দুই টেবিল চামচ তিলের তেল মেশান। চুলের গোড়া থেকে ডগা অবধি এই মিশ্রণ ভালোভাবে লাগিয়ে নিন। স্কাল্পে পাঁচ মিনিট ধরে ম্যাসাজ করুন। এবার সহনীয় মাত্রার গরম পানিতে তোয়ালে ভিজিয়ে চুলে জড়িয়ে রাখুন আধঘণ্টা। এরপর শ্যাম্পু দিয়ে স্বাভাবিক নিয়মে চুল ধুয়ে নিন। সপ্তাহে দুই থেকে তিন দিন এভাবে যত্ন নিন।

সানস্ক্রিন হিসেবে লাগান : দুই টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে দুই টেবিল চামচ তিলের তেল মিশিয়ে গরম করে নিন। হালকা ঠাণ্ডা হলে মিশ্রণটি স্ক্যাল্প ও পুরা চুলে লাগিয়ে রাখুন আধঘণ্টা। এরপর কোমল শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলেই হবে। রোদের তাপে চুল নষ্ট হওয়া থেকে বাঁচাতে সপ্তাহে দুদিন এই মিশ্রণ ব্যবহার করতে পারেন।

ডিপ কন্ডিশনিং : দুই টেবিল চামচ তিলের তেলের সঙ্গে এক চা চামচ আদার রস মিশিয়ে চুলের গোড়া থেকে ডগা অবধি আলতো করে ম্যাসাজ করুন। এবার সহনীয় মাত্রার গরম পানিতে তোয়ালে ভিজিয়ে চুলে জড়িয়ে রাখুন আধঘণ্টা। এরপর শ্যাম্পু দিয়ে স্বাভাবিক নিয়মে চুল ধুয়ে নিন। এভাবে সপ্তাহে তিন দিন যত্ন নিন।

খাবারের তিল ব্যবহার করুন : চুলের সুরক্ষায় কেবল বাইরে থেকে যত্ন নেওয়াই যথেষ্ট নয়। প্রতিদিন আমরা কী খাচ্ছি তার প্রভাবও চুল ও ত্বকে পড়ে। চুলের সৌন্দর্য ধরে রাখতে রোজ সকালে এক টেবিল চামচ তিল খেতে পারেন। এর মধ্যকার ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম চুলকে দ্রুত বড় করতে সহায়তা করে। তা ছাড়া রান্নায় খাঁটি তিলের তেল ব্যবহার করতে পারেন। তবে রান্নায় সরাসরি তিলের তেল ব্যবহার করবেন না। সাধারণ রান্নার তেলের সঙ্গে কয়েক চা চামচ তিলের তেল মিশিয়ে নিলেই যথেষ্ট।

ছবি : পারসোনা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত