বিডি পেইন্টসের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

আপডেট : ১২ মার্চ ২০২০, ০৪:৪৯ এএম

মঙ্গলবার দেশ রূপান্তরে ‘বানোয়াট নথিতে বিডি পেইন্টসের আইপিও’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বিডি পেইন্টস কর্তৃপক্ষ। প্রতিবাদপত্রে কোম্পানিটি জানায়, প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা ও বানোয়াট। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মো. বেলাল খান স্বাক্ষরিত লিখিত প্রতিবাদপত্রে জানিয়েছেন, প্রকাশিত প্রতিবেদনটিতে কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ থাকা ও কর্মকর্তা-কর্মচারীদের সংখ্যা বিষয়ে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে। এতে আমাদের ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদকের বক্তব্য : প্রতিবেদনটি দেশ রূপান্তর প্রতিনিধির সরেজমিন পরিদর্শন, বরিশালের বিসিক অফিস থেকে প্রাপ্ত তথ্য এবং কোম্পানির খসড়া প্রসপেক্টাসে স্টক এক্সচেঞ্জের পর্যালোচনা প্রতিবেদনের ভিত্তিতে করা হয়েছে। প্রতিবেদনের স্বার্থে বিডি পেইন্টসের বরিশাল ও ঢাকা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য নেওয়া হয়েছে। প্রতিবেদনে উল্লিখিত কোম্পানির উৎপাদন কার্যক্রম ও কর্মকর্তা-কর্মচারীর সংখ্যার বিষয়টি বিডি পেইন্টসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা স্বীকার করেছেন, যার উপযুক্ত প্রমাণাদি রয়েছে। এছাড়া কোম্পানিটি খসড়া প্রসপেক্টসে ২০১৮-১৯ হিসাব বছরে উৎপাদন সক্ষমতার ৪০ দশমিক ৩ শতাংশ ব্যবহারের তথ্য জানিয়েছে।

কোম্পানির বিক্রির পুরোটাই নগদে সম্পাদন হয় এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র স্টক এক্সচেঞ্জ চাইলেও তা দিতে ব্যর্থ হয়েছে বিডি পেইন্টস। একইভাবে ব্যয়ের ক্ষেত্রেও আমদানি এলসি ছাড়া অন্য কোনো কেনাকাটায় প্রয়োজনীয় কাগজপত্র দেখায়নি। পণ্য বিক্রি ও ব্যয়ের কোনোটিই ব্যাংকিং চ্যানেলে না হওয়ায় কোম্পানির আয়-ব্যয়ের তথ্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে স্টক এক্সচেঞ্জ। আর্থিক প্রতিবেদনে নানা ধরনের অসঙ্গতি ও হিসাব মান লঙ্ঘন হওয়ায় ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলও (এফআরসি) বিডি পেইন্টসের নিরীক্ষিত প্রতিবেদন অনুসন্ধান করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত