কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সুজন (৩২) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক সুজন চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা।
কুষ্টিয়া ফায়ার সার্ভিস জানায়, কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী সার ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় সারবোঝাই ট্রাকের চালক ঝিনাইদহ জেলার কালিগঞ্জের বাসিন্দা পান্নু মিয়া (৩০) এবং সহকারী রানাকে (২৫) গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক রফিকুল ইসলাম।
তিনি বলেন, সংবাদ পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে দুর্ঘটনা কবলিত বালুভর্তি ট্রাকের মধ্যে চাপা লেগে আটকে থাকা চালক সুজনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
