জামালপুরে করোনাভাইরাস মোকাবিলায় ১০০ শয্যার কোয়ারেন্টাইন/আইসোলেশন হাসপাতাল প্রস্তুত করা হয়েছে।
শহরের মনিরাজপুরে নির্মাণাধীন শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরের একটি ছাত্রী নিবাসে এই হাসপাতাল চালু করা হয়।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এ কোয়ারেন্টাইন হাসপাতালটির উদ্বোধন করেন।
এ সময় সিভিল সার্জন ডা. গৌতম রায়, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ বাছির উদ্দিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জামালপুরে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হলে তাদেরকে এই কোয়ারেন্টাইন হাসপাতালে রেখে স্বাস্থ্যসেবা দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
এ ছাড়া করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ, মাইকিংসহ নানা প্রচারণা চালানো হচ্ছে। জামালপুরে এখন পর্যন্ত কেউ করোনাভাইরাসে আক্রান্ত না হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মালেশিয়া, ইতালি ও ইরানফেরত তিনজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সিভিল সার্জন ডা. গৌতম রায় জানান, করোনা আক্রান্তদের চিকিৎসায় ১০ জন চিকিৎসকের একটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। জামালপুরে যে ৩ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে তাদেরকেও স্বাস্থ্য বিভাগ নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। সেই সঙ্গে মানুষকে সচেতন রাখতে লিফলেট বিতরণসহ নানা কার্যক্রম চালানো হচ্ছে বলে তিনি জানান।
