প্রতিবন্ধীদের ‘আলোকবর্তিকা’ লার্ন অ্যান্ড লিভ ফাউন্ডেশন

আপডেট : ১২ মার্চ ২০২০, ১১:০৫ পিএম

টাঙ্গাইলে প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করছে লার্ন অ্যান্ড লিভ ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান। প্রতিবন্ধীদের সুস্থধারায় ফেরাতে ও সমাজে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে ২০১৩ সালে মির্জাপুরের সাহাপাড়া বাবুবাজারে প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। প্রতিষ্ঠানটির এ ধরনের সেবামূলক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিশুদের অভিভাবক ও স্থানীয়রা।

জানা যায়, মির্জাপুরের রশিদ দেওহাটা গ্রামের লন্ডন প্রবাসী স্কুলশিক্ষিকা ফরিদা ইয়াসমিন জেসী ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। তার স্বামী ফারুক আহমেদ রনির প্রেরণা ও স্থানীয় সংসদ সদস্য মো. একাব্বর হোসেনের সহযোগিতায় প্রতিষ্ঠানটি গড়ে ওঠে।

ফরিদা ইয়াসমিন জেসী দেশ রূপান্তরকে বলেন, প্রতিবন্ধী সন্তানদের নিয়ে সমাজের হতাশাগ্রস্ত অভিভাবকদের একটু আলোর পথ দেখানোই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। অন্যদের মতো প্রতিবন্ধীরাও যাতে সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে সেভাবেই তাদের গড়ে তুলতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

স্থানীয় বহুরিয়া গ্রামের শওকত মিয়ার স্ত্রী লিলি জানান, তার ৯ বছরের শিশুপুত্র লুকমান জন্ম থেকেই অন্ধ। হতাশা কটিয়ে তিনি তার ছেলেকে ভর্তি করেন লার্ন অ্যান্ড লিভ ফাউন্ডেশনে। লুকমান এখন কোরআন শিক্ষ নিচ্ছে। সেখানে তার পড়াশোনার ব্যবস্থাও করা হবে।

পুষ্ঠকামুরী গ্রামের সওদাগড়পাড়ার চুমকি বলেন, তার ৫ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকন্যা রাত্রি। তার মেয়ের মুখ দিয়ে সব সময় লালা পড়ে। লার্ন অ্যান্ড লিভ ফাউন্ডেশনে নিয়মিত থেরাপি ও চিকিৎসার ফলে তার মেয়ের অনেক উন্নতি হয়েছে।

৬০ জন প্রতিবন্ধী শিশুকে নিয়ে যাত্রা শুরু হয় লার্ন অ্যান্ড লিভ ফাউন্ডেশনের। সেখানে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন ৫ জন শিক্ষক। রয়েছেন ফিজিও থেরাপিস্ট, গানের শিক্ষক, হস্তশিল্প, ধর্মীয় ও চারুকলার শিক্ষকও। সপ্তাহে ছয় দিন মায়েরা তাদের সন্তানদের এখানে নিয়ে আসেন। সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত শিশুদের পড়ানো হয় এবং দুপুরের খাবার দিয়ে ছুটি দেওয়া হয়। ২ থেকে ১২ বছর পর্যন্ত প্রতিবন্ধী শিশুদের লেখাপড়া ও থেরাপি দেওয়ার কাজ চলে এবং স্বাভাবিক অবস্থায় এলে ১২ বছরের পর থেকে তাদের হস্তশিল্প ও আইটির ওপর প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলার কাজ শুরু হয়। ফরিদা ছাড়াও তার প্রবাসী কয়েকজন বন্ধু প্রতি মাসে প্রতিষ্ঠানটিতে আর্থিক সহায়তা দিয়ে থাকেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত