করোনাভাইরাসের সংক্রমণ বিশ্বজুড়ে মহামারীর রূপ নিলেও এখনো এর প্রতিষেধক উদ্ভাবন হয়নি। তবে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গ-া ইউনিয়ন বাজারে এর প্রতিষেধক বিক্রির জন্য মাইকিং করছিল দুই যুবক। এই প্রতারণার অভিযোগে আটকের পর তাদের দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম এই সাজা দেন।
সাজাপ্রাপ্তরা হলো ঈশ্বরগঞ্জ থানার মধুপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে রুবেল (২৭) ও কথিত ডাক্তার ফুলবাড়িয়া থানার আশরাফুল হায়দারের ছেলে রাশেদুল ইসলাম (৩৫)।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুজ্জামান জানান, গণ্ডা ইউনিয়ন বাজারে দুই যুবক করোনাভাইরাসের প্রতিষেধক পাওয়া যাচ্ছে বলে মাইকিং করছিল। এ খবরে সেখানে গিয়ে হাতে-নাতে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আটককৃতদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রমাণ পেয়ে দুই বছর করে কারাদণ্ড দেন। মূল হোতা রুবেলকে সশ্রম ও অন্যজনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কোনো জরিমানা করা হয়নি।
