কেরানীগঞ্জ আদিতমারী ও ভৈরবে ৪ লাশ উদ্ধার

আপডেট : ১৫ মার্চ ২০২০, ১২:১২ এএম

ঢাকার কেরানীগঞ্জ থেকে দুজনের এবং লালমনিরহাটের আদিতমারী ও কিশোরগঞ্জের ভৈরব থেকে নারীসহ অপর দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর

কেরানীগঞ্জ : ঢাকার কেরানীগঞ্জে গতকাল শনিবার সকালে দুটি লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। এর মধ্যে একটি লাশ কেরানীগঞ্জের বাঘাশুর থেকে এবং অপর লাশটি দড়িগাঁও এলাকা থেকে উদ্ধার করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম জানান, বাঘাশুরের পূর্বাচর গ্রামে আমিরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আমিরুল নিজ ঘরের ফ্যানের হুকের সঙ্গে রশি দিয়ে ফাঁস দেন। তার ঘরের দেয়ালে লেখা আছে ‘আমার স্ত্রী ও পাশের বাড়ির জাহাঙ্গীরের বউ আমার মৃত্যুর কারণ।’ অপরদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার দড়িগাঁও থেকে উদ্ধার করা হয় সমীর হোসেন (৪৩) নামে এক মিস্ত্রির মরদেহ। এলাকাবাসী জানায়, দড়িগাঁওয়ে নির্মাণাধীন বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে সমীর নিহত হন। সমীর হোসেনের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।

লালমনিরহাট : আদিতমারী উপজেলার একটি পুকুর থেকে আনুমানিক ৪২ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের গিলাবাড়ি এলাকার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরবে শান্তা ইসলাম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে শহরের টিনপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূর স্বামীর নাম জুয়েল মিয়া। তাদের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরীপুর গ্রামে। তারা কয়েক মাস ধরে ভৈরব বাজারের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। জুয়েল গত ৮ জানুয়ারি সৌদি আরব থেকে দেশে আসেন। খবর পেয়ে পুলিশ জুয়েলকে আটক করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত