কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ৪

আপডেট : ১৫ মার্চ ২০২০, ০২:৪৪ পিএম

শরীয়তপুর নড়িয়া উপজেলায় এক কলেজছাত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় ৪জনকে আটক করেছে নড়িয়া থানা-পুলিশ।

শনিবার দিবাগত রাতে ঢাকা শ্যামপুর সেনানীবাস এলাকা থেকে ৩জন ও জাজিরা উপজেলার মঙ্গলমাঝিরঘাট এলাকা থেকে একজনকে আটক করা হয়।

আটকরা হলেন- নড়িয়া উপজেলার বিঝারি ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের জয়নাল মোল্লার ছেলে বেলায়েত হোসেন শৃঙ্খল মোল্লা (২৫), আলমগীর মোল্লার ছেলে মুরাদ মোল্লা (২২), সদর উপজেলার দাত্রা গ্রামের কালু সরদারের ছেলে হৃদয় সরদার (২৫) ও কাশেম সরদারের ছেলে আরিফ সরদার (২৩)।

এর আগে শুক্রবার (১৩ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার বিঝারি ইউনিয়নে ধর্ষণের ঘটনা ঘটে।

শনিবার সকালে চারজনকে আসামি করে নড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন ওই ছাত্রীর বড় ভাই।

এ ঘটনায় আসামিদের ফাঁসি চেয়ে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে কলেজ-বিদ্যালয়ের শিক্ষার্থী, পরিবার ও এলাকাবাসী। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনীর আহম্মেদ খান বলেন, ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পেলে আদালতে প্রেরণ করা হবে।

নড়িয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর বড় ভাই বাদী হয়ে থানায় মামলা করেছে। ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত