ভৈরবে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৭৬৫ যাত্রীকে অর্থদণ্ড

আপডেট : ১৫ মার্চ ২০২০, ০৮:১০ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৭৬৫ যাত্রীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে নগদ ১লাখ ৫৬ হাজার ৮শ ২৫ টাকা টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।

ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিভিন্ন আন্তনগর ট্রেনে রবিবার সকাল ৮ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের অতিরিক্ত প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. মিজানুর রহমান।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার একেএম কামরুজ্জামান জানান, এ সময় ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের ওপর দিয়ে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-নোয়াখালী, ঢাকা-সিলেট, ময়মনসিংহ-ভৈরব-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ রেলপথে চলাচলকারী বিভিন্ন আন্ত:নগর ট্রেনে অভিযান চালিয়ে ৭৬৫ জন বিনা যাত্রীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার একেএম কামরুজ্জামানসহ চারজন পরিদর্শক, ত্রিশজন টিকিট চেকারসহ রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত