সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় বনানীতে অনলাইন প্লাটফর্ম দারাজের প্রধান কার্যালয়ে অভিযান চালাচ্ছে র্যাব। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোওয়ার আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
রোববার বিকেলে অভিযানটি শুরু হয়। অভিযানটির নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
অভিযানের বিষয়ে সারোয়ার আলম বলেন, করোনা মোকাবিলায় সরকার নানা উদ্যোগ নিয়েছে। এর অন্যতম হচ্ছে সবার জন্য মাস্কের মূল্য নির্ধারণ। তবে দারাজের ওয়েবসাইটে সরকার নির্ধারিত দাম থেকে অতিরিক্ত দামে মাস্ক বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তাই এ অভিযান চলছে। অভিযান শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
করোনা সংক্রমণ রোধে ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্য নিয়ন্ত্রণ বিষয়ে ওষুধ উৎপাদনকারী ও মেডিকেল ডিভাইস উৎপাদনকারী এবং আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ওষুধ প্রশাসন অধিদফতর।
বৈঠকে সর্বসম্মতিক্রমে থ্রি লেয়ার সার্জিক্যাল ফেস মাস্কের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি পিস ৩০ টাকা নির্ধারণ করা হয়।
