গোয়ালন্দ উপজেলা পরিষদ উপনির্বাচন

দুই প্রার্থীর পাল্টাপাল্টি হামলার অভিযোগ

আপডেট : ১৫ মার্চ ২০২০, ০৯:৩৭ পিএম

গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নির্বাচনী সহিংসতা। গত শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রচার মাইক ভাঙচুর ও একজনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। অন্যদিক বিদ্রোহী প্রার্থীর ঘোড়া প্রতীকের নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় উভয়পক্ষ করেছে পাল্টাপাল্টি মামলা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা মুন্সির নৌকা প্রতীকের প্রচার মাইক উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাজী মনোক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম ম-লের কর্মীরা তা ভাঙচুর করে রিকশাচালককে পিটিয়ে গুরুতর আহত করে। রিকশাচালক বাবু সরদারকে (৪৮) স্থানীয়রা উদ্ধার করে ভর্তি করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ ও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে আহত বাবু সরদার বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেছেন।

অন্যদিকে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেবগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব তেনাপচা গ্রামের আবদুল মান্নান মোল্লার বাড়িতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মণ্ডলের ঘোড়া প্রতীকের নির্বাচনী ক্যাম্পে হামলা চালায় নৌকা প্রতীকের কর্মীরা। এ সময় আবদুল মান্নানসহ পরিবারের পাঁচজনকে মারধরসহ চেয়ার-টেবিল ভাঙচুরের অভিযোগ করেন তিনি। এ ঘটনায় আবদুল মান্নান বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬-২০ জনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেছেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ থানায় মামলা করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। উল্লেখ্য, আগামী ২৯ মার্চ গোয়ালন্দ উপজেলা পরিষদ উপনির্বাচনে ভোটগ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত