গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ট্রাফিক পুলিশ সদস্যকে থাপ্পড় মারার অভিযোগে গ্রেপ্তার গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক রুহুন নেছা রুনাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার দুপুরে গাজীপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হামিদুল হকের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) একেএম আহসান হাবীব জানান, নারী কাউন্সিলের পক্ষে জামিনের জন্য কোনো আবেদন না পাওয়ায় রবিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হামিদুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই মামলার পরবর্তী শুনানি ১৫ এপ্রিল ধার্য করেছে আদালত।
গত শনিবার দুপুরে নগরীর চান্দনা চৌরাস্তায় ট্রাফিক পুলিশের গালে চড় দেওয়াসহ সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে আটক হন রুনা। পরে রাতে গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের কনস্টেবল আশিকুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে বাসন থানায় মামলা করেন। রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
