প্রতারিত ও বঞ্চিত ভোক্তাদের জন্য হটলাইন চালু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ১৬১২১ নম্বরে ফোন করে অভিযোগ করলে বঞ্চিত ভোক্তাকে প্রতিকার দেবে অধিদপ্তরটি। গতকাল রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন এই হটলাইন উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
মন্ত্রী বলেন, কোনো ভোক্তা অধিকার বঞ্চিত ১৬১২১ নম্বরে ফোন করলেই প্রতিকার পাবেন। সরকার ভোক্তা ও বাণিজ্যবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে জানিয়ে তিনি বলেন, কাউকে হয়রানি না করে অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সে জন্য সরকার কাজ করে যাচ্ছে।
বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা।
