গোলাপ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা

আপডেট : ১৬ মার্চ ২০২০, ০৭:২৩ পিএম

সাভারে দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় রাতের আঁধারে এক কৃষকের ৬০ শতাংশ জমির গোলাপ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই কৃষক সোমবার দুপুরে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। রবিবার দিবাগত রাতে ভুক্তভোগী কৃষক আবুল কাশেমের গোলাপ বাগান কেটে ফেলেন দুর্বৃত্তরা।

ভুক্তভোগী ফুল চাষি আবুল কাশেম বলেন, আমি দীর্ঘদিন ধরে নিজের ৬০ শতাংশ জমিতে গোলাপ বাগান করে জীবিকা নির্বাহ করে আসছি। বেশ কিছুদিন ধরে এলাকার মোক্তার হোসেন, আমজাদ হোসেন, সহিদ মিয়া, মো. হানিফ ও নজরুল ইসলামসহ এলাকার সন্ত্রাসী প্রকৃতির লোক আমার জমিটি দখল করার পাঁয়তারা করছে। তারা আমার কাছে ৭ লাখ টাকা চাঁদাও দাবি করে। টাকা না দিলে জমি জোরপূর্বক দখল করার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় রবিবার দিবাগত রাতে উল্লেখিত সন্ত্রাসীরা রাতের আঁধারে আমার গোলাপ বাগানের সব গাছ কেটে ফেলে।

তিনি বলেন, এই গোলাপ বাগান করতে আমার প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। বর্তমানে আমি প্রতিবছর বাগানটি থেকে ৩-৪ লাখ টাকার ফুল বিক্রি করে থাকি। এখন আমার রোজগারের একমাত্র মাধ্যমটি বন্ধ হয়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আমজাদ হোসেন বলেন, আবুল কাশেম যে জমিতে ফুল চাষ করেন সেটি আমার ওয়ারিশের সম্পত্তি। তাকে গোলাপ চাষের জন্য জমিটি পত্তন দেয়া হলেও সে বর্তমানে জমিটি নিজের দাবি করে আমাদের পত্তনের টাকা দেয়া বন্ধ করে দিয়েছে। এজন্য আমরা তাকে টাকার জন্য চাপ দিলে সে নিজেই রাতের আঁধারে নিজের জমির গাছ কেটে আমাদের নামে মিথ্যা অভিযোগ করছে।

তিনি বলেন, আমাদের জমির গাছ যদি আমরা কাটি তাহলে রাতের আঁধারে নয় দিনের বেলায় কাটতে পারি, রাতের আঁধারে কাটব কেন?

এ ব্যাপারে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব দত্ত বলেন, গোলাপ বাগান কেটে ফেলার বিষয়ে অভিযোগের বিষয়টি আমার জানা নাই। তবে অভিযোগের কপিটি হাতে পেলে সরেজমিনে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত