তার জন্ম না হলে...

আপডেট : ১৬ মার্চ ২০২০, ১১:৩৫ পিএম

সিলেট আওয়ামী লীগ আয়োজিত মুজিব শতবর্ষের অনুষ্ঠানে সিলেটের মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বলেন, ‘যুদ্ধের পর বঙ্গবন্ধু একবার সিলেটের মোগলবাজারে এসেছিলেন। অনেক মানুষ সমবেত হয়েছেন বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে। সবার সঙ্গে কথা বলার সময় হঠাৎ তিনি ডাক দিলেন ‘এই ফরিদ, এদিকে আসো। কি খবর তোমার।’ তার সঙ্গে কথা বলা শেষ করে পকেট থেকে কিছু একটা বের করে ফরিদের হাতে দিয়ে বলেন, নাও তোমার ছেলেমেয়েদের দিও।’

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের মুজিব বর্ষের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহজ-সরল জীবন-যাপন, প্রতিটি মানুষের সঙ্গে তার স্বতঃস্ফূর্ত কথাবার্তা, তার শক্তিশালী স্মরণশক্তি নিয়ে এভাবেই স্মৃতিচারণ করে উচ্ছ্বসিত, আবেগাপ্লুত হন সিলেটের বীর মুক্তিযোদ্ধারা। 

তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা এই লাল-সবুজের পতাকা পেতাম না, আমরা এই মানচিত্র পেতাম না। 

সোমবার বিকালে সিলেট নগরীর রিকাবীবাজারে ‘মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, বঙ্গবন্ধু এক অবিভাজ্য সত্ত্বা’ শীর্ষক আলোচনাসভায় মুক্তিযোদ্ধারা এসব কথা বলেন। 

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি সব্রত চক্রবর্তী জুয়েল।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী (বীরপ্রতীক), সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমেদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি ভবতোষ রায় বর্মণ, মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা রফিকুল হক, মুক্তিযোদ্ধা সুবল চন্দ পাল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত