লামায় ‘অজ্ঞাত রোগে’ ৩৩ জন হাসপাতালে

আপডেট : ১৭ মার্চ ২০২০, ১২:৩১ এএম

লামায় অজ্ঞাত রোগে আক্রান্ত ৩৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে গঠিত মেডিকেল টিমের সদস্যরা বাড়ি থেকে এনে তাদের ভর্তি করান। আক্রান্তরা সদর ইউনিয়নের পুরাতন লাইল্যা মুরুংপাড়ার বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক বলেন, ‘প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে রোগটি হাম। তারপরও আমরা নিশ্চিত হওয়ার জন্য তাদের রক্তের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগের গবেষণাগারে পাঠাচ্ছি। গত রবিবার খবর পাওয়া মাত্র তিন সদস্যের একটি মেডিকেল টিম সেখানে পাঠিয়েছিলাম। প্রাথমিক চিকিৎসা শেষে সোমবার রোগীদের উপজেলা সদরে নিয়ে আসা হয়। হাসপাতালে দুটি ওয়ার্ডকে আইসোলেশন সেন্টার করা হয়েছে। ৩৩ জন রোগীকে সেখানে আলাদা রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’

পুরাতন লাইল্যা মুরুংপাড়ার পাড়াপ্রধান লাতুং কারবারি বলেন, ‘এক মাস ধরে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরই মধ্যে দুতিয়া স্রো (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পাড়ার লোকজন প্রায় সবাই অসুস্থ। আক্রান্তদের বেশিরভাগ শিশু।’

সদর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, ‘সপ্তাহখানেক ধরে ওই পাড়াটির অনেক মানুষ অসুস্থ হওয়ার খবর পাচ্ছিলাম। পরে অনেকেই আক্রান্ত হয়ে পড়লে সোমবার সকালে তাদের হাসপাতালে নিয়ে আসি। ইউনিয়ন পরিষদ থেকে তাদের সব চিকিৎসা ও খাবারের খরচ বহন করা হবে।’ সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, ‘আক্রান্তদের শরীরে হামের মতো গুটি উঠেছে। তারা মারাত্মকভাবে অসুস্থ। পাড়ার আশপাশে যাতে রোগ আরও ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সেখানে একটি মেডিকেল টিম কাজ করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত