ফরিদপুর জেলা পরিষদ সদস্য কামাল হোসেনের গাড়িতে হামলা হয়েছে। হামলাকারীরা কামালের প্রাইভেট কার ভাঙচুর এবং গাড়িতে থাকা চালকসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় স্থানীয়রা এগিয়ে আসায় রক্ষা পান কামাল।
গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামে। হামলায় আহতরা হলেন ইউসুফ মোল্লা (২৬), খায়ের তালুকদার (৫২) ও মুজিব মন্ডল (৫৫)। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কামাল হোসেন জানান, শাকপালদিয়ার জনৈক কলম ফকিরের বাড়িতে গান শুনে তিনি ও তার চার সঙ্গী রাত ১১টার দিকে বাড়ি ফিরছিলেন। পথে ২০-২৫ অস্ত্রধারী সন্ত্রাসী প্রাইভেট কারে অতর্কিত হামলা চালায়। তিনি বলেন, এ সময় তারা রড দিয়ে গাড়ির সব গ্লাস ভেঙে ফেলে। একপর্যায়ে তারা গাড়িতে থাকা লোকজনকে কোপায়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
নগরকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মিরাজ হোসেন জানান, ঘটনার পর পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
