হবিগঞ্জের বাহুবল উপজেলার লস্করপুর রেলস্টেশনে এনামুল হক শাকিলকে (৭) গলা টিপে হত্যার ঘটনায় তার বাবা ইমান আলীকে (৩০) আটক করেছে গ্রামবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
সোমবার সকাল ১০টার দিকে লস্করপুর রেলস্টেশন এলাকার ঘোষপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় ওয়ার্ড মেম্বার দরবেশ আলী জানান, গত রবিবার রাতে ইমান নাসিরের ঘর থেকে কাঁথা-বালিশ নিয়ে পরিত্যক্ত একটি ঘরে ঘুমায়। সকাল ১০টার দিকে বাড়ির নৈশপ্রহরী জালাল মিয়া ওই পরিত্যক্ত ঘরে ঢzকতে চাইলে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ পান। পরে ঘরে একটি ছিদ্র দিয়ে তিনি দেখতে পান ইমান শুয়ে আছে। পরে এলাকার লোকজন ধাওয়া করে তাকে আটক করে পুলিশে দেয়।
বাহুবল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, গত শনিবার রাতে খাবার ভালো হয়নি– এ নিয়ে স্ত্রী নূরুন্নাহারের সঙ্গে ঝগড়া করে ইমন। পরে সে স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে প্রথম শ্রেণিতে পড়ুয়া ছেলে শাকিলকে গলা টিপে হত্যা করে। এ সময় মেয়ে চাঁদনীর চিৎকারে বাইরে থাকা নুরুন্নাহার ছুটে এলে ইমান পালিয়ে যায়। ইমান মাদকাসক্ত। শাকিলের লাশ ময়নাতদন্ত শেষে সোমবার দাফন করা হয়েছে বলেও জানান ওসি।
