করোনা আতঙ্কে তাজমহলে প্রবেশ নিষেধ

আপডেট : ১৭ মার্চ ২০২০, ১০:৩১ এএম

বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এ কারণে বড় জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। তাই সতর্কতা হিসেবে তাজমহল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সরকার।

পর্যটন মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, করোনাভাইরাস মহামারি আবার নেওয়ায় এর সংক্রমণ রুখতে আপাতত দর্শকদের জন্য বন্ধ রাখা হবে বিশ্বের সপ্তম আশ্চর্যের প্রবেশ দ্বার।

ইতিমধ্যেই ভারতের সিনেমা-থিয়েটার হলগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বন্ধ রাখা হচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানও।

সোমবার গভীর রাতে পর্যটনমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল টুইট করে জানান, দেশের সমস্ত স্মৃতিসৌধ এবং জাদুঘর আপাতত আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (ইউনেসকো) সাদা মার্বেল পাথরের তৈরি তাজমহলকে ‘মুসলিম শিল্পের রত্ন’ হিসেবে উল্লেখ করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ভারত সফরে এসে এই স্মৃতিসৌধ পরিদর্শন করে মুগ্ধ হন। প্রতিদিন অসংখ্য দেশি-বিদেশি পর্যটক তাজমহল পরিদর্শনে আসে। পর্যটকদের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে করোনা সংক্রমণ, সেই কারণেই তাজমহল বন্ধ রাখার ওই সিদ্ধান্ত।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ ভারত। এখনো পর্যন্ত এখানে করোনাভাইরাসে আক্রান্ত ১১৪ জন রোগীর সন্ধান পাওয়া গেছে, মারা গেছেন ২ জন। বিশ্বের ১৪৫টি দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ১ লাখ ৬৮ হাজার জন, মারা গেছেন ৬ হাজার ৬১০ জনের বেশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত