যুক্তরাষ্ট্রের পর চীনও করোনাভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা চালাতে যাচ্ছে। এ ব্যাপারে চীনা কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে গবেষকেরা।
ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পিপলস ডেইলি সূত্রে এ খবর দিয়েছে বিবিসি।
একাডেমি অব মিলিটারি মেডিকেল সায়েন্সের গবেষকেরা করোনাভাইরাসের ভ্যাকসিন প্রস্তুত করছেন। ভ্যাকসিনের কার্যকরী ক্ষমতা প্রমাণে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে এবার।
এর আগে সোমবার সিয়াটলে ওয়াশিংটন হেলথ রিসার্চ ইনস্টিটিউটে কভিড-১৯ ভাইরাসের একটি ভ্যাকসিন প্রয়োগের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। ৫৫ জন সুস্থ স্বেচ্ছাসেবীর শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়। ঝুঁকিমুক্তভাবে এই পরীক্ষা চালানো হয়।
এদিকে গোটা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা এক লাখ ৮২ হাজার। তবে এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৮০ হাজার।
মৃত ও আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি চীনের হুবেই প্রদেশের বাসিন্দা। গত ডিসেম্বরের শেষে অঞ্চলটি থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত এটির কোনো প্রতিষেধক বের করতে পারেনি গবেষকেরা।
চীনের পর করোনার নতুন কেন্দ্র এখন ইউরোপ। ইতালি, ফ্রান্স, স্পেনে মারা গেছে আড়াই হাজারেরও বেশি মানুষ।
