বরগুনায় আইসোলেশনে ১, হোম কোয়ারেন্টাইনে ২৭

আপডেট : ১৮ মার্চ ২০২০, ০৩:২৮ পিএম

বরগুনায় ভারত থেকে আসা এক ব্যক্তিকে করোনাভাইরাস সন্দেহে বরগুনা জেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ছাড়া জেলায় বিদেশ ফেরত ২৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান।

বরগুনার সিভিল সার্জন কার্যালয়ের জরুরি কন্ট্রোল রুম সূত্র জানায়, জেলায় এখন পর্যন্ত ৩৮ জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশন ইউনিটে নেওয়া হয়েছিল। এর মধ্যে ১০জন ১৪ দিন অতিক্রম করেছে বাকি ২৮ জনের মধ্যে ২৭ জন হোম কোয়ারেন্টাইনে আছে ১ জন বরগুনা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রয়েছে।

এদের মধ্যে বরগুনার সদর উপজেলায় ৪জন, আইসোলেশন ১জন। বামনা উপজেলায় ৮জন। পাথরঘাটা উপজেলায় ৬জন। বেতাগী উপজেলায় ১৬জন। আমতলী উপজেলায় ২জন এবং তালতলী উপজেলায় ১জন আছেন। তাদের মধ্য থেকে পাথরঘাটায় ২জন ও বেতাগীতে ৮জনের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দীন বলেন, ভারত থেকে আসা এক নাগরিক সাধারণ জ্বর ও কাশি নিয়ে আসলে আমরা তাকে আইসোলেশন ওয়ার্ডে রেখেছি। তবে প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে ভয়ের কোনো কারণ নেই। তারপর বিষয়টি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইসিডিআর)কে জানানো হয়েছে।

বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহীন খান বলেন, মাঠপর্যায়ে মানুষ যাতে আতঙ্কিত না হয় তার জন্য জেলা, উপজেলা স্বাস্থ্য বিভাগকে কর্মীদের মাঠে সচেতনতামূলক কাজ করতে বলা হয়েছে। করোনা মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমরা প্রস্তুত।

এছাড়া তিনি আরও বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকা এসব ব্যক্তিদের নিয়মিত স্বাস্থ্য বিভাগের লোকজন খোঁজখবর নিচ্ছেন এবং তারা হোম কোয়ারেন্টাইনের নিয়মাবলি সঠিকভাবে পালন করছেন কিনা সে বিষয়গুলোও লক্ষ্য রাখছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত