লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জে সকালে ফজর নামাজের পর তাহেরিয়া ঈদগাহ ময়দানে সাইয়্যেদ মো. আনোয়ার হোসাইন তাহের জাবেরীর আহ্বানে মহামারি করোনাভাইরাস প্রতিরোধ ও সারা বিশ্বের মানুষকে করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য খতমে শেফা ও দোয়ার আয়োজন করা হয় ।
হায়দরগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ এ.কে.এম ফজলুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন সাইয়্যেদ মো. আনোয়ার হোসাইন তাহের জাবেরী, সাইয়্যেদ তাহের জাবেরী, সাইয়্যেদ জায়েদ জাবেরী, সাইয়্যেদ মাহবুব জাবেরী, অধ্যক্ষ মাওলানা আবদুল আজিজ মজুমদার, মাওলানা ইউছুফ জামান, মাওলানা ইসমাইল, কাজী জামসেদ কবির বাকী বিল্লাহ এবং প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের চেয়ারম্যান মো. রাকিব হোসাইন হাওলাদার প্রমুখ।
রায়পুর থানার অফিসার ইনচার্জ মো. তোতা মিয়া জানান, আগে থেকে অনুমতি না নিয়ে প্রচুর লোক সমাগমের ব্যাপারে দুঃখ প্রকাশ করা হয়েছে আয়োজক কমিটির পক্ষ থেকে। তা ছাড়া সাইয়্যেদ মো. আনোয়ার হোসাইন তাহের জাবেরী একজন প্রখ্যাত আলেম মানুষ। তার পেছনে নামাজ পড়তে এমনিতেই হাজার হাজার মানুষের সমাগম হয়ে থাকে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এক প্রশ্নের জবাবে জানান, আমিও খবর পেয়েছি এখানে অনেক লোক হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে বুধবার সন্ধ্যায় যে কোন অনুষ্ঠানে লোকসমাগম যেন না হয় সে লক্ষ্যে করণীয় নির্ধারণে সভা আহ্বান করা হয়েছে। সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে তিনি জানান।
