আবেগী ভাষণে ‘জনতা-কারফিউ’ ঘোষণা মোদির

আপডেট : ১৯ মার্চ ২০২০, ০৯:৪৬ পিএম

নভেল করোনাভাইরাসকে বিশ্বযুদ্ধের থেকে ভয়াবহ উল্লেখ করে রবিবার পর্যন্ত ‘জনতা-কারফিউ’ ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়ার সময় বৃহস্পতিবার দেশবাসীকে বারবার অনুরোধ করেছেন ঘরে থাকার।

‘জনতা-কারফিউ’ বলতে মোদি মানুষকে ঘর থেকে বেরোতে নিষেধ করেছেন।

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারও ৭০ বছরের এক বৃদ্ধ মারা গেছেন।

‘আসুন আমরা নিজে বাঁচি, অন্যকে বাঁচাই, দেশকে বাঁচাই,’ এভাবে আহ্বান জানিয়ে মোদি বলেন, ‘এই ভয়ংকর বিপদ থেকে মুক্ত হয়ে মানবজাতি জয়ী হোক।’

মোদি এদিন পুরোটা সময় নানাভাবে দেশবাসীকে বোঝানোর চেষ্টা করেছেন, ‘কেউ অফিসে আসতে না পারলে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন না, মানবিক ব্যবহার করুন।’

চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে তিনি অভিনব একটি উপলক্ষ বের করেছেন, ‘সাইরেন বাজিয়ে এই বার্তা পৌঁছে দেওয়া হোক যে, যারা সেবা করছেন তাদের প্রতি তালি, থালা, ঘণ্টা বাজিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করব। আসুন রবিবার বিকেল পাঁচটায় পাঁচ মিনিট ঘণ্টা বাজিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করি।’

‘ভারত কেমন প্রস্তুত, তা দেখা ও পরীক্ষা করার সময় এসেছে। সবাইকে অনুরোধ করব, আজ থেকে রবিবার পর্যন্ত জনতা কারফিউ খবর ছড়িয়ে দিন। সাধারণ নাগরিক ঘর থেকে বেরোবেন না। সকাল সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত কারফিউ পালন করুন।’

‘আপনাদের কাছে আমি আগামী কয়েক সপ্তাহ চাই। আজ ১৩০ কোটি দেশবাসীর কাছে কিছু চাইতে এসেছি। এটা আপনাদের আশীর্বাদের ক্ষমতা, আমরা সবাই মিলে নির্ধারিত লক্ষ্যে এগিয়ে চলেছি। আপনাদের কাছে যখনই কিছু চেয়েছি, আপনারা নিরাশ করেননি। আশা করি এবারও করবেন না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত