ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র, চালক ও হেলপার নিহত

আপডেট : ২০ মার্চ ২০২০, ১০:৩৯ পিএম

ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র, ট্রাক চালক ও তার হেলপার মোট ৩ জন নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে ও বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- স্কুলছাত্র ছাত্র শাহিন (১৪), ট্রাক চালক জামাল উদ্দিন (৪২) ও তার হেলপার শাকিল মিয়া (২৬)।

জানা যায়, নিহত স্কুলছাত্র শাহিন কৈয়াদী গ্রামের রুস্তম আলীর ছেলে এবং সখীপুর রফিক রাজু স্কুলের ৭ম শ্রেণির ছাত্। শুক্রবার দুপুরে সে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে সখীপুর থেকে ভালুকা আসছিল। গ্রামের বাজারের পশ্চিম পাশে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আকাশমণি গাছের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই শাহিন মারা যান। এ সময় তার সঙ্গে থাকা অপর আরোহী জাহাঙ্গীর আলম গুরুতর আহত হন।  

অপরদিকে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের ভান্ডাবে দাঁড়িয়ে থাকা বালি বোঝাই ড্রাম ট্রাকের পেছনে সার বোঝাই অপর একটি ট্রাক ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক জামাল উদ্দিন ও তার হেলপার শাকিল মিয়া নিহত হন।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকের কেবিন থেকে নিহতদের উদ্ধার করে ভরাডোবা হাইওয়ে পুলিশের কাছে লাশ দুটি হস্তান্তর করেন।

জামাল উদ্দিনের বাড়ি জামালপুর জেলার সদর বানিয়াতপুর এলাকায় এবং তার হেলপার শাকিলের বাড়ি একই জেলার সদর উপজেলার রশিদপুর এলাকায়।

ঘটনাটি নিশ্চিত করেছেন ভরাডোব হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ উবায়ের আহমেদ আদনান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত