শিশু ও নবজাতকসহ অজ্ঞাত ৬ লাশ উদ্ধার

আপডেট : ২০ মার্চ ২০২০, ১১:৩০ পিএম

যশোরের কেশবপুর ও হবিগঞ্জের চা বাগানে দুই তরুণকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া ঠাকুরগাঁওয়ে আট বছর বয়সী শিশুর, বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাত তরুণের, গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত বৃদ্ধার, চট্টগ্রামের হাটহাজারীতে অজ্ঞাত তরুণের, ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত নারীর এবং কুষ্টিয়ার মিরপুরে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

যশোর : কেশবপুরে শরিফুল ইসলাম (৩০) নামে এক তরুণ খুন হয়েছেন। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় উপজেলার সাতবাড়িয়া গ্রামের ইমদাদুল হকের ছেলে শরিফুল ইসলামকে দুর্বৃত্তরা পাশের বেগমপুর ধানক্ষেতে নিয়ে গলা কেটে হত্যা করে তার লাশ ফেলে রেখে যায়। গতকাল শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। শরিফুল তার মামার বেকারির মালামাল গ্রামে গ্রামে ফেরি করে বিক্রি করতেন।

হবিগঞ্জ : সুরমা চা বাগানের কিবরিয়াবাদ এলাকায় থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণের নাম আওয়াল মিয়া (২২)। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত আওয়াল মিয়া মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের মৃত আরিছ মিয়ার ছেলে। মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, আওয়াল পেশায় টমটমচালক।

ঠাকুরগাঁও : শহরের ডিসি পার্ক এলাকার পাশে জঙ্গলের গর্ত থেকে নূপুর নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নূপুর (৮ মাস) পঞ্চগড় জেলার হারুনুর রশিদের মেয়ে। গত দুই মাস থেকে ঠাকুরগাঁও শহরের ফকিরপাড়া এলাকার জনাব আলীর বাসায় ভাড়া আছেন তারা। হারুনুর রশিদ একজন রিকশাচালক।

বগুড়া : শাজাহানপুরে অজ্ঞাত এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার শাকপালা ডায়াবেটিকস পার্ক সংলগ্ন খালের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন জানান, অজ্ঞাত ওই যুবকের বয়স ২৫ বছর। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।

গোপালগঞ্জ : কাশিয়ানীতে ধনিয়াক্ষেত থেকে অজ্ঞাত এক বৃদ্ধার (৮০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার রামদিয়া-তালতলা সড়কের পাশের একটি ধনিয়াক্ষেত থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার মো. আমিনুর রহমান জানান, ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে তালতলা বাজার ও তার আশপাশে ঘোরাফেরা করছিলেন।

হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে অজ্ঞাতপরিচয় যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে পৌরসভার কাচারী সড়কের একটি মার্কেট সংলগ্ন নালা থেকে লাশটি উদ্ধার করা হয়। হাটহাজারী থানার ওসি (মিডিয়া) তৌহিদুল করিম লাশ উদ্ধারের কথা গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া লাশের পরনে কালো প্যান্ট ও ফুলহাতা গেঞ্জি রয়েছে।

ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় অর্ধগলিত অজ্ঞাত মধ্যবয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাস্টারবাড়ী এলাকার এসএমসি ফ্যাক্টরির পাশের একটি খাল থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা লাশটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের খালে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় বলে জানান ভালুকা মডেল থানার ওসি মাইনউদ্দিন। ওই নারীর পরনে একটি কালো রঙের জামা রয়েছে।

কুষ্টিয়া : মিরপুরে খালের পানির নিচ থেকে পলিথিন মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়ক সংলগ্ন উপজেলার খয়েরপুর এলাকার একটি খালের পানিতে শিশুরা মাছ ধরতে নেমে পানির নিচ থেকে পলিথিন মোড়ানো প্যাকেটটি ডাঙায় তুলে আনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত