পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক মামলার আসামি নিহত

আপডেট : ২১ মার্চ ২০২০, ০৯:১২ পিএম

পাবনার সাঁথিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবুল কালাম কাইলা ওরফে আব্দুল আলিম কালু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

পুলিশ বলছে, গত শুক্রবার গভীর রাতে উপজেলার করমজা এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলার রসুলপুর গ্রামের খোরশেদ আলম খুশাই শেখের ছেলে কালু মাদক কারবারি ছিলেন। তার বিরুদ্ধে সাঁথিয়াসহ বিভিন্ন থানায় মাদকের ডজনখানেক মামলা রয়েছে।

সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান বলেন, শুক্রবার গভীর রাতে মাদক কারবারি কালুকে গ্রেপ্তার করে করমজা এলাকায় পৌঁছালে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালায়। দু’পক্ষের গোলাগুলির একপর্যায়ে তারা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে কালুর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ সময় একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, একটি হাঁসুয়া ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে এসআই ফিরোজ সুলতান ও কনস্টেবল শুভ আহত হয়েছেন। ওসি আরও জানান, কালু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করতেন। আগে তাকে কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু তিনি জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়াতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত