ভ্রাম্যমাণ আদালতের কথা বলে বিকাশে চাঁদা দাবি!

আপডেট : ২৩ মার্চ ২০২০, ১০:৩৩ পিএম

করোনাভাইরাসের বিশেষ অভিযানে বরগুনার প্রাইভেট ক্লিনিকগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জেল জরিমানার ভয় দেখিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জেলা প্রশাসন সূত্র বলছে, মোবাইল কোর্ট পরিচালনা করা হলে সেটি জনসম্মুখে করা হবে। জেলা প্রশাসক কার্যালয় থেকে বিকাশের মাধ্যমে কোন টাকা চাওয়া হয়নি। তবে যে বা যারা এভাবে টাকা চাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার রাতে বরগুনা পৌর শহরের আল রাজি ক্লিনিক, ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ক্লিনিক, সেন্ট্রাল হাসপাতাল ক্লিনিকসহ বেশ কয়েকটি প্রাইভেট ক্লিনিকে একটি বিকাশ নম্বর থেকে ভ্রাম্যমাণ আদালত এর কথা বলে বিকাশের মাধ্যমে ২ লাখ টাকা করে চাওয়া হয়। কিছু কিছু জায়গা থেকে টাকা দেওয়া হলেও পুনরায় আবার টাকা দাবি করায় বিষয়টি সন্দেহের তৈরি করে।

এরপর ক্লিনিকের মালিকেরা বিষয়টি জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহকে জানালে তিনি জেলা প্রশাসন থেকে এ রকম কিছু চাওয়া হয়নি বলে জানান।

এ ঘটনায় সোমবার দুপুরে ডক্টরস কেয়ার ক্লিনিক ও আল রাজি ক্লিনিকের মালিক পক্ষ বরগুনা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

আল-রাজি ক্লিনিকের পরিচালক ডা. মাহমুদা লিলি বলেন, রোববার রাতে মোবাইল কোর্ট এর কথা বলে জেলা প্রশাসক পরিচয়ে ফোন দিয়ে টাকা দাবি করা হয়। সেখানে প্রথমে ১৫ হাজার টাকা পাঠানো হলে পুনরায় বাকি টাকা পাঠানোর জন্য মোবাইল করা হয়। বাকি টাকা দিতে অস্বীকৃতি জানানো হলে হুমকি ধামকি দেওয়া হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মাদ হোসেন বলেন, দুটি ক্লিনিকের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। আমাদের ধারণা কোন সংঘবদ্ধ প্রতারক চক্র করোনার এই মহামারির সুযোগকে কাজে লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এই প্রতারক চক্রকে শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনগত সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।  

বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, জেলা প্রশাসকের নাম ব্যবহার করে কোন প্রতারক চক্র এ কাজটি করছে বলে আমরা ধারণা করছি। বিষয়টি নিয়ে ক্লিনিক মালিকসহ সকলকে সতর্কাবস্থায় থাকার জন্য বলেছি। সেই সঙ্গে যে সকল মোবাইল নম্বর থেকে টাকা চাওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক কার্যালয় থেকে থানাকে লিখিতভাবে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত