জেলাজুড়ে মাইকিং, আ.লীগ নেতার বাবার জানাজায় হাজারো মানুষ

আপডেট : ২৪ মার্চ ২০২০, ০৭:৫৭ পিএম

রীতিমতো জেলাজুড়ে মাইক দিয়ে প্রচারণা চালিয়ে হাজারো মানুষের উপস্থিতিতে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরীর বাবার জানাজায় অনুষ্ঠিত হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে বারবার গণজমায়েত থেকে দূরে থাকার কথা বলা হলেও সরকারি নির্দেশনা অমান্য করে এভাবে জানাজার আয়োজন করায় বিতর্কের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার দুপুরে লিল্লাহ মসজিদ প্রাঙ্গণে জানা অনুষ্ঠিত হয়। এতে জেলা সভাপতি গোলাম ফারুক পিংকুসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

করোনা প্রাদুর্ভাবের মধ্যে এভাবে জানাজার আয়োজন করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

তারা বলেন, এ ধরনের বিষয় নিয়ে আমাদের সচেতন থাকতে হবে। তাহলেই করোনার সংক্রমণ ঠেকানো সম্ভব হবে।

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক মিয়া পিংকু জানান, ‘আসলে আমরা ক্ষুদ্র পরিসর মাস্টার সাহেবের (মাস্টার সুলতান আহম্মেদ চৌধুরী) জানাজা করার সব চেষ্টাই করেছি। উনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হওয়ায় জানাজায় লোক সমাগম হয়েছে। জানাজায় কেউ আসলে তাকে কীভাবে না করবো!’

এ বিষয়ে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, ‘জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরীকে গণজমায়েত না করে সীমিত পরিসরে জানাজার আয়োজনের কথা বলা হয়েছে। গণজমায়েত করে জানাজার আয়োজন করে থাকলে তিনি আমাদের নির্দেশনা অমান্য করেছেন। এটা দুঃখজনক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত