কাছেই করোনার অসংখ্য মিত্র

আপডেট : ২৪ মার্চ ২০২০, ১১:০২ পিএম

করোনাভাইরাসকে ‘মানবতার শত্রু’ বলে আখ্যা দিয়েছে বিশ^ স্বাস্থ্য সংস্থা। ভাইরাসটি এতটাই শক্তিশালী যে আক্রান্ত ব্যক্তিদের হাঁচির এক ফোঁটা পানি থেকেও অন্য কেউ আক্রান্ত হতে পারে। এ ছাড়া আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এলেও মানুষ সংক্রমিত হচ্ছে। লিফটের বাটন ও টয়লেটে বসার আসনের মতো কিছু উপাদান আছে যা আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার লয়েড স্মিথ ল্যাবের গবেষক আমানদিন গ্যাম্বেলের মতে, কাশি, হাঁচি ও স্পর্শ থেকে মানুষ আক্রান্ত হচ্ছে। গত সপ্তাহে নিউ ইংল্যান্ড জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, প্লাস্টিক ও ইস্পাতের ওপর করোনাভাইরাস দুই থেকে তিন দিন সক্রিয় থাকে। আর কার্ডবোর্ডের গায়ে অন্তত চব্বিশ ঘণ্টা টিকে থাকে ভাইরাসটি।

তবে মানুষ কাশি, থুতু, কফ, হাঁচিসহ মানুষের সংস্পর্শ এড়িয়ে চললেও আরও বহুভাবে আক্রান্ত হতে পারে। কফি টেবিল, লোহার বার, গণপরিবহন, দরজার হ্যান্ডেল, লিফটের বাটন, লাইটের সুইচ থেকেও সংক্রমিত হতে পারে মানুষ। অ্যাপার্টমেন্ট ভবনে যারা বাস করেন বা যাদের নিয়মিত বাইরে বের হতে হয় তাদের পক্ষে এতসব বিষয় এড়িয়ে চলা সম্ভব হয় না। এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বারবার সাবান দিয়ে হাত ধুয়ে ফেলা।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার মহামারীবিদ ব্র্যান্ডন ব্রাউন বর্তমান অবস্থাকে বলেছেন, বড় শত্রুদের আমরাই ভেতর থেকে বাইরে নিয়ে এসেছি। তার মতে, ‘দোকানে আমরা কেনাকাটা করার পর মানিব্যাগসহ এমন অনেক বস্তু স্পর্শ করতে হয় যা ইতিমধ্যে আক্রান্ত হয়ে থাকতে পারে। টাকা দেওয়া থেকে টাকা গ্রহণ করা পর্যন্ত অনেক কিছু স্পর্শ করতে হয়।’

ন্যাচার জার্নালে চীনা গবেষকদের প্রকাশিত এক গবেষণায় বলা হচ্ছে, মানুষের মল থেকেও করোনাভাইরাস ছড়াচ্ছে। শিশুদের মলে ভাইরাসের উপস্থিতি পেয়েছিল তারা। এক গবেষকের মতে, ‘মল দ্বারাও সংক্রমণের কথা ঠিক হলে, আমাদের টয়লেট নিয়ে সচেতন হওয়া উচিত। এ ক্ষেত্রে পাবলিক টয়লেট ব্যবহার বন্ধ করার পাশাপাশি বাসাবাড়িতেও টয়লেট পরিচ্ছন্ন রাখা উচিত।’

মোবাইল ফোনও ভাইরাস সংক্রমণের আরেক কেন্দ্র। কারণ মোবাইল নিয়ে মানুষ সর্বত্র যাচ্ছে। কিছু গবেষক বলছেন, মোবাইল ফোন থেকেও মানুষ সংক্রমিত হতে পারে। আবার কিছু গবেষকের মতে, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির ব্যবহৃত মোবাইল অন্যজন না স্পর্শ করছেন ততক্ষণ সংক্রমিত হওয়ার ভয় কম। কম্পিউটারের কিবোর্ড ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক করে দিয়েছেন গবেষকরা। এক কিবোর্ড একাধিক মানুষ ব্যবহার না করতে বলছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত