মসজিদে নামাজ পড়া নিয়ে দেশের আলেমদের সঙ্গে বৈঠক করলেও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। ইফা মহাপরিচালক আনিস মাহমুদ গতকাল মঙ্গলবার আগারগাঁও কার্যালয়ে আলেমদের নিয়ে বৈঠকে বসেন। এছাড়া টেলিফোনে দেশের বিভিন্ন জেলার আলেমদের মতামত নেওয়া হয়।
গতকাল সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত বৈঠক চলে। বৈঠক শেষে ইফার মহাপরিচালক আনিস মাহমুদ বলেন, ‘আমরা আলেমদের মতামত নিয়েছি। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি; হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’
করোনার সংক্রমণ প্রতিরোধে সৌদি আরব মসজিদুল হারামাইনসহ সব মসজিদ বন্ধ করে দেয়। কুয়েত, মিসর, মালয়েশিয়াসহ আরও কয়েকটি মুসলিম প্রধান দেশে মসজিদে নামাজ বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশে কোনো কোনো আলেম মসজিদ বন্ধের বিরোধিতা করছেন। উল্টো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কেউ কেউ। এমন পরিস্থিতিতে করোনা সংক্রমণ রোধে দেশের মসজিদগুলোতে মুসল্লিদের আসার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে ইসলামিক ফাউন্ডেশন। বৈঠকে অংশ নিতে আলেমদের আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্র জানায়, টোলারবাগে করোনায় আক্রান্ত হয়ে দুজন মারা যাওয়া ব্যক্তি বিদেশফেরতদের সংস্পর্শে ছিলেন না। তবে তারা নিয়মিত মসজিদে নামাজ পড়তে যেতেন। এরপর মসজিদের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে ইতিমধ্যে ওয়াজে অনেক বক্তা মসজিদ বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিচ্ছেন।
এর আগে ২০ মার্চ এক বিজ্ঞপ্তিতে ইফা জানায়, বাসা থেকে অজু করে নফল ও সুন্নত নামাজ পড়ে শুধু জুমার ফরজ নামাজ পড়তে আসতে। এছাড়া অসুস্থ ব্যক্তি, জ্বর, হাঁচি-কাশিতে আক্রান্ত এবং বিদেশফেরতদের মসজিদে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছিল। লাইলাতুল মিরাজের আয়োজনও বন্ধ রাখা হয়।
