মালয়েশিয়া ফেরত আসামি কারাগারে কোয়ারেন্টাইনে

আপডেট : ২৫ মার্চ ২০২০, ০৭:০৫ পিএম

গাজীপুরে কারাগারে মালয়েশিয়া ফেরত এক আসামিসহ ৪৭ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন। পাশাপাশি, হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫৭৯ জন প্রবাসী। এ ছাড়া, প্রায় সহস্রাধিক বিদেশ থেকে গাজীপুর ফেরত নাগরিক, যাদের কোয়ারেন্টাইনে থাকার কথা তাদেরকে পুলিশসহ সংশ্লিষ্ট কর্মীরা খুঁজছেন।

বুধবার গাজীপুর জেলা কারাগারে সিনিয়র জেল সুপার মো. নেছার আহমেদ জানান, টঙ্গী (পূর্ব) থানায় চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার হওয়া এক আসামিকে কারাগারে ভেতরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সম্প্রতি তিনি মালয়েশিয়া থেকে দেশে ফিরে গ্রেপ্তার হলে আদালতের নির্দেশে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়।

ওই কারা কর্মকর্তা আরও জানান, কারাগারেও করোনাভাইরাস নিয়ন্ত্রণে নেয়া হয়েছে অতিরিক্ত সতর্কতা। বাইরে থেকে কারাগারের ভেতরে প্রবেশের সময় প্রতি আসামিকে সাবান দিয়ে হাত ধোয়ানোর পাশাপাশি তাদের তাপমাত্রা পরিমাপ করা হয়। আসামিদের সঙ্গে সাক্ষাৎ প্রার্থীদেরও একইভাবে কারা ফটকে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া, কোয়ারেন্টাইনের শর্তমতে যেকোনো নতুন বন্দীকে ১৪দিন আলাদা রাখা হবে।

জেলা সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, সর্বশেষ তথ্যানুযায়ী গাজীপুরে ৫৭৯ জন প্রবাসী হোম কোয়রেন্টাইনে এবং ৪৭ জন প্রাতিষ্ঠানিক কোয়রেন্টাইনে রয়েছেন। তবে তিনি এ সময় গাজীপুরে ফেরত প্রবাসীদের সংখ্যা জানাতে পারেননি। 

তবে, গাজীপুরে সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী ১ মার্চের পর থেকে দেশে ফেরত আসাদের তালিকা- শ্রীপুর উপজেলায় ২৫৪জন প্রবাসীর মধ্যে ১৩০জন, কালীগঞ্জ উপজেলায় ২৫৭ জন প্রবাসীর মধ্যে ৮৪ জন (এ উপজেলায় ১০৩জন কোয়রেন্টাইনে সময় অতিক্রম করে মুক্ত হয়েছেন, অন্যদের পাওয়া যায়নি), কালিয়াকৈর উপজেলার ৮৭জন প্রবাসীর মধ্যে ৭৯জন, কাপাসিয়ায় ২৯৭জন প্রবাসীর মধ্যে ৯৯জন, গাজীপুর সদর উপজেলায় ১৫ মার্চের পর থেকে ২৪৪ জনের মধ্যে ৯২জন হোম কোয়রেন্টাইনে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত