করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকলেও নিরাপত্তা সরঞ্জাম ও সম্পদের স্বল্পতায় স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক সরবরাহ করা যাচ্ছে না জানিয়ে নোটিশ দেওয়ার চার দিন পর এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদ রশীদকে প্রত্যাহার করেছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে এক আদেশ জারি করে।
মোর্শেদ রশীদকে হাসপাতালের পরিচালকের পদ থেকে প্রত্যাহার করে ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশীদ উন নবীকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। রশীদ উন নবীকে মিটফোর্ড হাসপাতালের পরিচালক নিয়োগ দিতে তার চাকরি স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
মোর্শেদ রশীদকে প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকলেও সম্পদের স্বল্পতার কথা জানিয়ে হাসপাতালের সবাইকে মাস্ক সরবরাহ করা যাচ্ছে না জানিয়ে ২১ মার্চ নোটিশ দেন ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদ রশীদ। সেই নোটিশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় তোলে।
নোটিশে বলা হয়েছিল, ‘স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল ঢাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বিধায় হাসপাতালে সেবা গ্রহণের জন্য আগত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ ঝুঁকি এড়াতে প্রতিরোধ কর্মসূচি হিসেবে হাসপাতালে কর্মরত এবং সেবা কাজে জড়িত সবার মাস্ক ব্যবহার করা প্রয়োজন। সম্পদের সল্পতার জন্য হাসপাতালের তরফ থেকে সকলকে মাস্ক সরবরাহ করা যাচ্ছে না। এমতাবস্থায় সংক্রমণের ঝুঁকি এড়ানোর জন্য সকলকে নিজ উদ্যোগে মাস্ক ব্যবহারের জন্য অনুরোধ করা হল।’
