বাগেরহাটে রাস্তাঘাট ফাঁকা, দোকানপাট বন্ধ

আপডেট : ২৬ মার্চ ২০২০, ০১:৩১ পিএম

বাগেরহাট জেলাজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা।

বুধবার দুপুর থেকে বাগেরহাট প্রধান শহর, বাজার, উপজেলা সদরসহ বিভিন্ন হাট বাজারের ব্যবসায়ী, ছোট ছোট চায়ের দোকান বন্ধ রেখে মানুষ ঘরে ফিরতে শুরু করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল গাড়ি রাস্তায় ঘুরছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ওষুধের দোকান আর কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ছাড়া সব প্রতিষ্ঠান বন্ধ। প্রতিদিনের জমে ওঠা বিভিন্ন মোড়ের আড্ডা আজ  নেই। কিছু চায়ের দোকান খোলা থাকলেও ভিড় নেই। রাস্তাঘাট ফাঁকা,তবে অতিপ্রয়োজনে এখনো কিছু মানুষ রাস্তায় আছেন।

এদিকে, বাগেরহাট পৌরসভা কর্তৃপক্ষ শহরে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সচেতন করছে। তারা সবাইকে ঘরে থাকা ও যারা সম্প্রতি বিদেশ থেকে দেশে এসেছেন তাদের ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করেছেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক স্ট্যাটাসে করোনাভাইরাস প্রতিরোধে জেলাবাসীকে অত্যাবশ্যক কারণ ছাড়া ঘর ছেড়ে বের না হওয়ার অনুরোধ করেছেন। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক।

রিকশাচালক মধু বালা বলেন, প্রতিদিন রিকশা চালিয়ে যে টাকা আয় করি তা দিয়ে ছয়জনের সংসার চলে। রাস্তায় কোনো লোক নেই। তাই ঘরে ফিরে যাচ্ছি। আয় করতে না পারলে সংসার চলবে না, কষ্ট হবে। তবুও ঘরে থাকলে যদি করোনাভাইরাসের হাত থেকে রেহাই পাই তাই আগামী কয়দিন ঘরেই থাকব।

বাগেরহাটের ব্যবসায়ী সঞ্জয় দাশসহ একাধিক ব্যবসায়ী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের এই পদক্ষেপকে আমরা স্বাগত জানিয়ে কয়দিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখছি।

ফকিরহাট উপজেলার মানসা বাহিরদিয়া ইউপি চেয়ারম্যান ফকির রেজাউল করিম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে এলাকার জনসাধারণকে সচেতন করতে কয়েকদিন ধরে মাইকিং, লিফলেট বিতরণসহ নানা প্রচারণা চালানো হয়। প্রয়োজন ছাড়া তেমন কেউ ঘরের বাইরে আসছেন না।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, গত কয়েকদিন ধরে জেলার সব শ্রেণীপেশার মানুষকে নিয়ে জনগনকে সচেতন করতে নানা ধরনের প্রচারণা চালানো হয়েছে। এলাকার মানুষ সরকারের আহ্বানে সাড়া দিয়ে ঘরে ফিরতে শুরু করায় তাদের সাধুবাদ জানাচ্ছি।

তিনি বলেন, জেলায় গত ২২ দিনে চার হাজারের অধিক মানুষ ভারতসহ ৩৮ দেশ থেকে বাগেরহাটে ফিরেছেন। তারা যেন অবশ্যই ১৪ দিনের হোম কায়ারেন্টাইনে থাকবেন। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে ঘরের ভেতরে থাকলে সবাই সুস্থ থাকতে পারব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত