দেশে ফিরল ভারতে আটকাপড়া ১২ বাংলাদেশি

আপডেট : ২৬ মার্চ ২০২০, ০৯:৩৩ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতের লকডাউনে দেশটির আগরতলায় আটকাপড়া এক দম্পতিসহ ১২ বাংলাদেশি আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার দুপুরে শর্ত সাপেক্ষে তাদের দেশে ফিরিয়ে আনে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে ফেরা এই ১২ জনের মধ্যে কুমিল্লার ঠাকুরপাড়ার ইয়াকুব আলী (৫২) ও স্ত্রী শিরিনা বেগম গত ৫ মার্চ আগরতলা হয়ে চেন্নাই গিয়েছিলেন চিকিৎসার জন্য। চিকিৎসা শেষে তারা গত মঙ্গলবার সকালে বিমানে চেন্নাই থেকে আগরতলা আসেন। কিন্তু আগরতলায় এসেই তারা জানতে পারেন স্থলবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারত লকডাউন হওয়ায় বাংলাদেশি ওই দম্পতি আগরতলায় আটকা পড়েন। তখন আগরতলায় আবাসিক হোটেলসহ সবকিছু বন্ধ। আগরতলায় কোথায় থাকবেন, কীভাবে তারা বাংলাদেশে আসবেন– এ নিয়ে দুশ্চিন্তায় পড়ে ওই দম্পতি। এমনই পরিস্থিতিতে কোথাও সাহায্য না পেয়ে তারা আশ্রয় নেন আগরতলার বিক্রম সাগর জলাশয়ের পশ্চিমপাড়ে খোলা আকাশের নিচে।

গত মঙ্গলবার মধ্যরাতে আগরতলায় অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ী মো. হান্নানের সহায়তায় সেখানকার এক সংবাদকর্মীর মাধ্যমে ওই দম্পতির ঠাঁই হয় আগরতলা হজ ক্যাম্পে। এরপর গতকাল ওই দম্পতিসহ ১২ জন দেশে ফিরে আসেন।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ আবদুল হামিদ বলেন, কুমিল্লার এক দম্পতিসহ ১২ জন দেশে ফিরে এসেছেন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে–এই শর্তে রাজি হওয়ায় তাদের আনা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত