করোনাভাইরাসের আতঙ্কে যখন গোটা বিশ্ব স্তব্ধ সেই মুহূর্তে নবীগঞ্জ উপজেলায় একটি বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। চলছিল গান-বাজনা। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে ভন্ডুল হয়ে গেছে বিয়ের আয়োজন। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১১টায় এনাতাবাদ গ্রামে।
জানা যায়, কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের নেকরাজ মিয়ার মেয়ের সঙ্গে একই উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর গ্রামের বাদশা মিয়ার ছেলের বিয়ে ৩০ মার্চ হওয়ার কথা ছিল। বিয়ের আয়োজন হিসেবে কনের বাড়িতে স্পিকার দিয়ে উচ্চ সাউন্ডে গান-বাজনা চলছিল। করোনাভাইরাসে সামাজিক দূরত্ব বজায় রাখার সরকারি বিধিনিষেধ অমান্য করে এমন আয়োজনের খবর পায় নবীগঞ্জ উপজেলা প্রশাসন। বুধবার রাত ১১টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নির্দেশে নবীগঞ্জ থানার পুলিশ বিয়েবাড়িতে পৌঁছে মাইক-স্পিকারের গান-বাজনা বন্ধ করে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বিয়ে, গায়েহলুদ কিংবা কোনো আয়োজন করা হবে না শর্তে মুচলেকা দেন কনের বাবা।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
