যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ফুলগাজীর জসিম

আপডেট : ২৮ মার্চ ২০২০, ০২:৩০ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ‍যুক্তরাজ্যে মো. জসিম উদ্দিন (৬২) নামে ফেনীর এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটির একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহতের ভাতিজা বাবুল জানান, নিহত জসিম উদ্দিন দীর্ঘ ৩০ বছর ধরে ইতালি ও ইংল্যান্ডে সপরিবারে বসবাস করে আসছেন।

গত ১১ মার্চ ইতালিতে থাকা অবস্থায় তিনি অসুস্থতা অনুভব করলে ইংল্যান্ডে পরিবারের কাছে চলে আসেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হলে তিনি একটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন।

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। জসিম ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সির হাট ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মকু মিয়ার ছেলে।

মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান নুরুল আমীন ভূঞা জানান, দক্ষিণ শ্রীপুর এলাকার জসিম উদ্দিন ইংল্যান্ডে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তার ভাতিজা বাবুলের মাধ্যমে তিনি শুনেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত