বগুড়ায় ‘অতিরিক্ত মদ্যপানে’ যুবকের মৃত্যু

আপডেট : ২৮ মার্চ ২০২০, ০৩:২৬ পিএম

বগুড়ায় অতিরিক্ত মদ্যপানে নূর আলম (২৭) নামের এক যুব মারা গেছেন বলে খবর পা্ওয়া গেছে। শনিবার সকাল ১০টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নূর আলম শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম পুর্বপাড়ার আব্দুল মজিদের ছেলে। তিনি একটি মারধর মামলার পলাতক আসামি ছিলেন বলে পুলিশ জানিয়েছে।  

থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, গত তিনদিন আগে গন্ডগ্রামে জমি জমা নিয়ে মারামারি হয়। ওই ঘটনায় জনৈক সবুজ বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেন। সেই মামলায় নূর আলম ২ নম্বর আসামি ছিলেন।

এরপর থেকেই নূর আলম পলাতক অবস্থায় বগুড়া শহরের লতিফপুর এলাকায় আত্মগোপন করে ছিলেন। শুক্রবার রাতে তিনি অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পড়লে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। শনিবার সকালে বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে আবারো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নূর আলম সকাল ১০টার দিকে মারা যান।

শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক আমবার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত মদ্যপানে নূর আলমের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত