চুরিতে বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা, আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

আপডেট : ২৮ মার্চ ২০২০, ০৮:০৪ পিএম

সরকারি খালের মাটি চুরি করে ইটভাটায় পাচারের সময় বাধা দেওয়ায় আওয়ামী লীগ নেতা ও তার শ্রমিকদের হাতে এক এসআইসহ ৪ কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় বাহুবল উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দুলাল মিয়া ওরফে রাডার দুলালসহ ৪ শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুলাল মিয়া ইটভাটা মালিক সমিতির সভাপতি। গত শুক্রবার রাত পৌনে ২টায় বাহুবল উপজেলার গোবিন্দপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

বাহুবল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, শুক্রবার রাত পৌনে ২টায় গোবিন্দপুর গ্রামের আতর আলীর বাড়ির সামনে সরকারি খাল ও কৃষিজমি থেকে এস্কেভেটর দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসআই সুলতান মাহমুদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি উত্তোলনে বাধা দেয়।

এ সময় আওয়ামী লীগ নেতা দুলাল মিয়ার নেতৃত্বে কতিপয় শ্রমিক পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই সুলতান মাহমুদ (৩২) ও কনস্টেবল বাবলু বিশ্বাস (২২), রাকিব রহমান (২৪), শাহ আলম (২৫) এবং শাহীর উদ্দিন (২৪) আহত হন। আহত ২ কনস্টেবলকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার খবর থানায় পৌঁছলে রাতেই বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে পুলিশ উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের বাসিন্দা  উপজেলা আওয়ামী লীগ নেতা দুলাল মিয়া, শ্রমিক কবির মিয়া (২৮), রঘুরামপুর গ্রামের মিজান মিয়া (২২), জালাল মিয়া (৩০), ইজ্জতনগর গªামের জয়নাল আবেদীনকে (২০) গ্রেপ্তার করে। জব্দ করা হয় মাটি কাটার কাজে ব্যবহৃত এস্কেভেটর।

তিনি আরও জানান, এ ব্যাপারে এসআই সুলতান মাহমুদ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অর্ধশত লোকের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তার ৫ জনকে আদালতের নির্দেশে  কারাগারে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, দুলাল মিয়া  প্রায়ই কৃষিজমি ও সরকারি খাল থেকে মাটি উত্তোলন করে ইটভাটায় ব্যবহার করেন। এ ছাড়া প্রশাসনের লোকজনের সঙ্গে খারাপ ব্যবহার ও এলাকার নিরীহ লোকজনকে নিপীড়ন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত