ভৈরবে ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে ৪৩ প্রবাসী

আপডেট : ৩০ মার্চ ২০২০, ১১:০৯ এএম

কিশোরগঞ্জের ভৈরবে গত ২৪ ঘণ্টায় ৪৩ জন প্রবাসীকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর  ১৪ দিন হোম কোয়ারেন্টাইন পালন করে মুক্ত জীবনে ফিরে গেছেন ৪৭জন।

এদের মধ্যে ৪৫ জন নিজ নিজ বাড়িতে আর  ২জন প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

এরা কোয়ারেন্টাইনে থাকাকালীন করোনাভাইরাসের কোনো লক্ষণে আক্রান্ত না হওয়ায় তাদের স্বাভাবিক জীবনযাপনের অনুমতি দিয়েছে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি।

বর্তমানে ভৈরবে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫৬জন। এদের মধ্যে নিজ নিজ বাড়িতে আছেন ৫৫জন আর  প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকাদের রাখা হয়েছে শহরের কমলপুর এলাকার ট্রমা হাসপাতালের আইসোলেশন সেন্টারে।

সোমবার সকালে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ গণমাধ্যমকর্মীদের এইসব তথ্য জানিয়ে বলেন, এখন পর্যন্ত ভৈরব করোনাভাইরাস আক্রান্ত মুক্ত রয়েছে। আর এমনটি রাখতে হলে সামাজিক বিচ্ছিন্নতা তৈরির সরকারি সিদ্ধান্ত সবাইকে মেনে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত