জেলা প্রশাসকদের প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা আজ

আপডেট : ৩১ মার্চ ২০২০, ০৫:০২ এএম

করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন।

আজ মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি কর্মকর্তাদের নির্দেশনা দেবেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য জানান। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।

এর আগে করোনা পরিস্থিতি সামাল দিতে করণীয় নির্ধারণে সরকারের ৬ মন্ত্রীর সঙ্গে পরামর্শ করবেন সরকারপ্রধান।

এজন্য আজ সকালে ওই ৬ মন্ত্রীকে ডেকে পাঠিয়েছেন তিনি। মহামারী করোনা প্রতিরোধে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের আগে প্রধানমন্ত্রী এই ৬ মন্ত্রী ও সংশ্লিষ্ট ৬ সচিবের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।

এক মন্ত্রী গতকাল দেশ রূপান্তরকে বলেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী।

আর ৬ সচিবের মধ্যে রয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সচিব রউফ তালুকদার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল।

জানা গেছে, মন্ত্রী ও সচিবদের সঙ্গে বৈঠক করেই জেলা প্রশাসকদের দিকনির্দেশনা দেবেন। সাধারণ ছুটির মেয়াদ, দরিদ্র মানুষের খাবারসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত