করোনায় বিপর্যস্ত ইউরোপ, মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়াল

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ০৭:৪৮ পিএম

ভয়াবহ করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চুয়াল্লিশ হাজারের কাছাকাছি। যার মধ্যে কেবল ইউরোপেই সংখ্যাটা ৩০,০০০ ছাড়িয়েছে।

ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে কভিড-১৯ এর উৎপত্তি। এরপর চীন থেকে ইরান হয়ে এটি বড় ধরনের আঘাত হানে ইতালিতে। তবে করোনা কেন্দ্র এখন ইতালি থেকে সরে ক্রমশ স্পেনের দিকে যাচ্ছে।

বিবিসি জানায়, স্পেন এখন বিশ্বের তৃতীয় দেশ যেখানে এক লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস আপডেট জানাচ্ছে, বুধবার পর্যন্ত স্পেনে মৃতের সংখ্যা নয় হাজার ছাড়িয়ে গেছে। টানা পাঁচ দিন স্পেনে ৮০০ এর অধিক বেশি মানুষ মারা গেছে।

গোটা ইউরোপের অবস্থাই এখন শোচনীয়। চীনে মৃতের সংখ্যা তিন হাজার ৩১৬ জন। এর চেয়ে বেশি মারা গেছে কেবল ফ্রান্স, ইতালি ও স্পেনে।

শুধু স্পেন ও ইতালিতে মারা গেছে মোট ২০ হাজারের বেশি মানুষ। ইতালিতে মৃতের সংখ্যা ১২,৪২৮। ফ্রান্সে মারা গেছে সাড়ে ৩ হাজারের বেশি মানুষ।

এ ছাড়া যুক্তরাজ্যে মৃতের সংখ্যা সতের’শ ছাড়িয়েছে। নেদারল্যান্ডে ১ হাজার ছাড়িয়েছে। বেলজিয়ামে আটশ’র বেশি মানুষ মারা গেছে। জার্মানিতেও মৃতের সংখ্যা আটশ'র কাছাকাছি। সুইজারল্যান্ডেও মারা গেছে  সাড়ে চারশ’র কাছাকাছি মানুষ।

তুরস্ক, সুইডেন ও পর্তুগালেও দেড়শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে এই বৈশ্বিক মহামারিতে। ওদিকে অস্ট্রিয়ায় মারা গেছে একশ’র মতো মানুষ।

ইউরোপ পুরো বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন আছে। ১২ মার্চ ইতালিতে লকডাউন দেয়া হয়। এরপর ইউরোপের অনেক দেশে লকডাউন শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত