মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বের সবচেয়ে ভয়াবহ সংকট বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত মঙ্গলবার নিউ ইয়র্কে করোনাভাইরাস প্রাদুর্ভাবের সম্ভাব্য আর্থ-সামাজিক প্রভাব বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে তিনি এ মন্তব্য করেন।
বিশ্ববাসীকে সতর্ক করে গুতেরেস বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা চীনের চেয়েও বেশি। ইউরোপের মারাত্মক ক্ষতিগ্রস্ত দেশগুলো একদিনে তাদের সর্বোচ্চসংখ্যক মৃত্যুর খবর দিয়েছে। তাই এখনই সময় সতর্ক হওয়ার। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। তিনি বলেন, মারণ ভাইরাস করোনা আমাদের সমাজব্যবস্থার মূলে আঘাত হানছে। মানুষের জীবন-জীবিকা কেড়ে নিচ্ছে। নিম্নআয়ের মানুষগুলো সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হচ্ছেন। এ মহামারী অবসানে সমন্বিত স্বাস্থ্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
