ভারতের দিল্লির মারকাজ নিজামউদ্দিনের মওলানা সাদ কান্ধালভির খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম। পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে বলে জানায় তারা।
আনন্দবাজার জানায়, এর মধ্যেই অডিও বার্তায় মওলানা জানিয়েছেন, তিনি কোয়রান্টাইনে আছেন। সাদ কান্ধালভিও করোনায় আক্রান্ত বলে মনে করা হচ্ছে।
২৮ মার্চ শেষবারের মতো দেখা গিয়েছিল সাদ কান্ধালভিকে। তারপর থেকে তিনি বেপাত্তা। মারকাজ নিজামউদ্দিনে জমায়েত করা ও থাকার জন্য তিনিই উৎসাহ দিয়েছিলেন বলে মনে করছে ভারতের পুলিশ। মারকাজের আরো ছয় কর্তাকেও খুঁজছে পুলিশ।
আনন্দবাজার জানায়, মওলানা সাদকে ধরতে ইতিমধ্যে লখনৌ, মুজফফরনগরসহ বিভিন্ন এলাকায় দল পাঠিয়েছে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ। গোয়েন্দারা জানতে পেরেছেন, মওলানা নিজেও করোনায় আক্রান্ত। আর বুধবার মওলানা সাদের নামে যে দুটি অডিও প্রকাশ্যে এসেছে তা-ও সে দিকেই ইঙ্গিত করছে।
তার প্রথম অডিওতে বলা হয়েছে, ‘মসজিদই মৃত্যুর জন্য সেরা স্থান’।
দ্বিতীয় অডিওতে বার্তা দেওয়া হয়, ‘নিঃসন্দেহে, পৃথিবীতে যা হচ্ছে তা মানুষের অপরাধের ফল। আমাদের ঘরে থাকা উচিত। এটাই সৃষ্টিকর্তার ক্রোধকে শান্ত করতে পারে। চিকিৎসকদের পরামর্শ মানুন এবং প্রশাসনের সঙ্গে সহায়তা করুন। কোয়রান্টাইনে থাকুন, সে আপনি যেখানেই থাকুন না কেন। এটা ইসলাম বা শরিয়ত বিরোধী নয়।’
