প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের প্রকৃত হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন দেশের ৮৫ জন বিশিষ্ট নাগরিক। একই সঙ্গে তারা বলেছেন, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগের (আইইডিসিআর) দেওয়া তথ্যের সঙ্গে মানুষের প্রত্যক্ষ অভিজ্ঞতার কোনো মিল নেই। গতকাল বৃহস্পতিবার এক যৌথ বিবৃতির মাধ্যমে সরকারের প্রতি তারা এ আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, গত ৮ মার্চ আইইডিসিআর ঘোষণা দিয়ে দেশে করোনাভাইরাস সংক্রমণের কথা নিশ্চিত করার পর প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যে মানুষের মনে বিভিন্ন প্রশ্ন ও সন্দেহ জাগতে শুরু করেছে। এর কারণ আইইডিসিআরের দেওয়া তথ্যের সঙ্গে মানুষের প্রত্যক্ষ অভিজ্ঞতার মিল নেই। গণমাধ্যমের প্রতিবেদনগুলোর সঙ্গে ব্রিফিংয়ে প্রদত্ত তথ্যের পার্থক্য চোখে পড়ার মতো উদ্বেগজনক। ব্রিফিংটিতে
তথ্য যাচাই ও ব্যাখ্যা চাওয়ার কোনো সুযোগ নেই; যা স্বচ্ছতা ও জবাবদিহিকে ক্ষুণœ করছে।
বিবৃতিতে বলা হয়, দেশে দুর্যোগে মানুষের মৃত্যু ও ক্ষয়ক্ষতি নিয়ে সরকারি এবং সরকারবহির্ভূত মহলের হিসাবের মধ্যে ব্যাপক গরমিল পাওয়া যায়। বর্তমানে করোনাভাইরাস সংক্রমণের সময়ও এমন সম্ভাব্য গরমিল, ব্যাখ্যার ভিন্নতা এবং রোগের উপসর্গকে মৃত্যুর কারণ হিসেবে উপস্থাপন করার প্রবণতা দেখা যাচ্ছে। এমনকি একাধিক ক্ষেত্রে হাসপাতালগুলোতে রোগীকে ফিরিয়ে দেওয়ার গুরুতর ঘটনায় উদ্বিগ্ন ও নিরাপত্তাহীন পরিস্থিতি তৈরি করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, করোনাভাইরাস থেকে সংক্রমণ এবং মৃত্যুর যে হিসাব দেওয়া হচ্ছে, প্রকৃত হিসাব তার থেকে অধিক হওয়ার আশঙ্কা থাকতে পারে। একই সঙ্গে আক্রান্ত মানুষের চিকিৎসা প্রদানে দুর্বলতায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। অবিলম্বে সব মৃত্যুর কারণ ও প্রকৃত সংখ্যা স্বচ্ছভাবে জনগণের কাছে প্রকাশ করার দাবি জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন রাজনীতিবিদ ও লেখক বদরুদ্দীন উমর, আলোকচিত্রী শহিদুল আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আকমল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ, নারী আন্দোলনের কর্মী ফরিদা আক্তার, ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক ফাহমিদুল হক, রোবায়েত ফেরদৌস, সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন প্রমুখ।
চিকিৎসাব্যবস্থায় নৈরাজ্য : দেশের স্বাস্থ্যব্যবস্থার বেহাল দশায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে চিকিৎসাব্যবস্থায় নৈরাজ্য রোধ করে স্বাভাবিক চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে ডাক্তার-নার্সদের করোনা আতঙ্কও দূর করা দরকার এবং জরুরি ভিত্তিতে ডাক্তার ও নার্সদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) নিশ্চিত করারও দাবি জানিয়েছে দলটি। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এক বিবৃতিতে এসব দাবি জানান। বিবৃতিতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়ার আগেই তাদের সংক্রমণ পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তিনি।
