বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার চিফ মেডিকেল অফিসার। খবর বিবিসি।
ডা. ব্রেন্ডান মার্ফির দাবি, প্রকৃত আক্রান্তের সংখ্যা অনেক, অনেক বেশি।
তিনি বলেন, বিশ্বজুড়ে কভিড-১৯ এ আক্রান্ত এখন ১০ লাখ ছাড়িয়েছে। আমাদের বিশ্বাস, প্রকৃত সংখ্যাটা এর থেকে ৫ থেকে ১০ গুণ।
অস্ট্রেলিয়ার আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে তার আস্থা আছে বলেন ব্রেন্ডান। তার দাবি, বিশ্বজুড়ে অস্ট্রেলিয়াতেই করোনা পরীক্ষার হার সবচেয়ে বেশি।
এখন পর্যন্ত দেশটিতে ৫ হাজার ২০০ জন আক্রান্ত হয়েছে। যার মধ্যে মারা গেছে ২৪ জন।
এদিকে গতকাল বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ১০ লাখ ছাড়ালেও সুস্থ হয়ে উঠেছেন ২ লাখের বেশি।
করোনায় প্রাণহানিতে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১৩ হাজার ৯১৫ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ২৪২ জনে।
